আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজপথের মিত্রদের নিয়ে বৃহৎ একটি জোট গঠন করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ’১১দলীয় নির্বাচনী ঐক্য` নামে এই সমঝোতা জোট নির্বাচনে অংশ নেবে। জোটের অন্যতম শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামী তুলনামূলক বড় দল হওয়ায় সবথেকে বেশি আসন ছেড়ে দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ জোটের অন্যান্য ১০টি দল। শেষ পর্যন্ত জোটকে টিকিয়ে রাখতে বড় মনের পরিচয় দিলেন ১১দলীয় জোটের প্রধান উদ্যোক্তা ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই আসন সমঝোতা ও জোটের রূপরেখা নিয়ে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় শুরু হওয়া এই রুদ্ধদ্বার বৈঠক শেষ হয় দুপুর তিনটার পর।
বৈঠক শেষে জোটের অন্যতম নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক গণমাধ্যমকে বলেন, “ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। কিছু কারণে তারা আজকের বৈঠকে উপস্থিত হতে পারেননি। তবে আমরা আশা করছি, আজ রাত আটটায় আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে।” জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “জোট নিয়ে কোনো সংকট নেই। সবাই অত্যন্ত আশাবাদী এবং আধিপত্যবাদবিরোধী এজেন্ডার ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি।”
এদিকে, জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা ও আসন সমঝোতার বিস্তারিত প্রকাশ করা হবে। এতে ১১ দলেরই শীর্ষ নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।