শিক্ষার আলো ছড়িয়ে দেশ গঠনের প্রত্যয়ে, প্রতি বছরের ন্যায় এবছরও ‘নূরানী ছাত্র কল্যাণ ফাউন্ডেশন’ কুষ্টিয়া জেলা আয়োজন করলো কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান। (১৫/০১/২০২৬) বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি কুষ্টিয়ায় এই মহতী আয়োজন সম্পন্ন হয়।
এসময় ‘নূরানী তালিমুল কুরআন বোর্ড’ চট্টগ্রামের কেন্দ্রীয় সনদ পরীক্ষা-২০২৫-এ কুষ্টিয়া জেলার মেধাস্থান অধিকারী ও এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিআ আরাবিয়া আশরাফুল উলূমের মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা আবু দাউদ। নূরানী ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের আহ্বায়ক মাওলানা আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সভাপতি মুফতী আব্দুল হামিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার দাওয়াাহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর গোলাম মাওলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম নদভী, ইসলামি বিশ্ব বিদ্যালয় কুষ্টিয়ার আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ডক্টর মোঃ কামরুল হাসান, বড় আইলচাড়া বালক-বালিকা মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা আব্দুল লতিফ খান, মুমতাজুল উলূম মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আরিফুজ্জামান আরিফ, বাইতুল উলূম মহিলা মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা আব্দুল খালেক, বায়তুল কুরআন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মোমিনুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুফতী ইয়াকুব, মুফতী আলমগীর প্রমুখ। উল্লেখ্য যে, গত বছরে দেশের মধ্যে প্রথমবারের মতো সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া জেলা থেকেই গঠিত হয় এই ‘নূরানী ছাত্র কল্যাণ ফাউন্ডেশন’। এবং এই সংগঠনের উদ্যোগে প্রথমবার হিসেবে অতিব জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিলো। এবছর দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হলো এই সংবর্ধনা অনুষ্ঠান। সারাদেশে নুরানি ছাত্র কল্যাণ ফাউন্ডেশন এর এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে, নুরানি মাদ্রাসা গুলোর মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে অনুষ্ঠান সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সমন্বয়ক মাওলানা শামিম আহমাদ, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা মিশুক, মাওলানা সফফাত, মাওলানা জুনায়েদসহ আরও অনেকে।
সংবর্ধনা অনুষ্ঠানে নুরানি বিভাগের চট্টগ্রাম বোর্ডে ২০২৫এ উত্তীর্ণ টপ-টোয়েন্টি ও এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থী এবং কুষ্টিয়া জেলার নুরানি বিভাগপ্রাপ্ত মাদ্রাসা জিম্মাদার সহ আমন্ত্রিত অতিথিবৃন্দের সম্মানার্থে সর্বমোট ৩৩৬টি ক্রেস্ট প্রদান করা হয়।
এ বছর নূরানী তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম কেন্দ্রীয় সনদ পরীক্ষা-২০২৫-এ অংশগ্রহণকারী কুষ্টিয়া জেলার শীর্ষস্থানীয় ১০২জন কৃতি শিক্ষার্থী বিশেষ সংবর্ধনা লাভ করেন এবং ২৮১ জন এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। সর্বমোট ৩৮৩জন শিক্ষার্থী টপটেন এবং এ-প্লাস প্রাপ্ত হন। অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।