মুফতী আমির হামজা সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সত্য ঘটনার সঠিক উপস্থাপনের আহ্বান জানিয়েছেন। তিনি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের গুরুত্বপূর্ণ দিকগুলো উল্লেখ করে, সাংবাদিকতার মূলনীতি হিসেবে মিথ্যা পরিহার করে যা সত্য, তাই প্রচার করার ওপর জোর দিয়েছেন। বিশেষ করে সত্য ঘটনাকে কাটছাঁট বা বিকৃত করে মিথ্যা হিসেবে প্রচার করার প্রবণতাকে তিনি জঘন্যতম অপরাধ হিসেবে উল্লেখ করেছেন।আজ ২১শে ডিসেম্বর শনিবার বাদ আসর সাংবাদিকদের সম্মানার্থে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ (অব.) খন্দকার এ কে এম আলী মুহসিন এবং সভাপতিত্ব করেন অধ্যাপক সুজা উদ্দিন জোয়ারদার। প্রধান অতিথির বক্তব্যে এমপি মুফতি আমির হামজা কুষ্টিয়ার সার্বিক উন্নয়নে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি চাঁদাবাজি, ঘুষ ও মাদকমুক্ত একটি আদর্শ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি নিরপেক্ষতা ও পেশাগত সততা বজায় রেখে কাজ করার আহ্বান জানান। ভালো কাজের প্রশংসা এবং অনিয়মের সমালোচনা করার মধ্য দিয়েই গণমাধ্যম সমাজকে এগিয়ে নিতে পারে বলে তিনি উল্লেখ করেন। যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রচার না করা এবং মিথ্যা তথ্য পরিহারের অনুরোধ জানিয়ে তিনি বলেন, মূলধারার সাংবাদিকদের দায়িত্ব হলো সঠিক ও নির্ভুল তথ্য জনগণের সামনে তুলে ধরা—তা ব্যক্তিগতভাবে তাঁর বিপক্ষে গেলেও। তিনি আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে কুষ্টিয়ার উন্নয়ন ও সুশাসনের পথ আরও সুদৃঢ় হবে।