সত্যের পথে অবিচল, নির্ভীক ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতীক ‘আবু বকর সিদ্দীক’ আজ বাংলাদেশের গণমাধ্যমে এক উজ্জ্বল নাম। তিনি ঢাকা থেকে প্রকাশিত বহুল প্রচারিত দৈনিক সময়ের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক। পেশাগত নিষ্ঠা, সামাজিক সচেতনতা এবং সাহসী সাংবাদিকতার মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সৎ, নির্ভরযোগ্য ও মানবিক গণমাধ্যমকর্মী হিসেবে।সাম্প্রতিক রাজধানীস্থ সংগঠন “কুষ্টিয়া সাংবাদিক ফোরাম, ঢাকা”-এর দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়ে তিনি কুষ্টিয়া সাংবাদিক সমাজের গৌরব আরও উজ্জ্বল করেছেন।
শৈশব ও শিক্ষা জীবন:
কুষ্টিয়া জেলার হরিনারায়ণপুর ইউনিয়নের কীর্তিনগর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আবু বকর সিদ্দীক। ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী ও আত্মপ্রত্যয়ী। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে মেধাবৃত্তি অর্জনের পাশাপাশি ১৯৯৪ সালে হরিনারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৯৬ সালে খাতের আলী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখেন।
পরবর্তীতে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে সমাজবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই তিনি বিতর্ক, সাহিত্যচর্চা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।
সাংবাদিকতা জীবন:
ছাত্রজীবনের মুক্ত চিন্তা ও প্রতিবাদী মানস থেকেই তিনি সাংবাদিকতাকে বেছে নেন জীবনের চালিকাশক্তি হিসেবে। সরকারি চাকরি নয়—মানুষের কথা, সমাজের কথা, অন্যায়ের বিরুদ্ধে কলম ধরা—এই বিশ্বাস থেকেই তাঁর পথচলা শুরু।
কুষ্টিয়ার স্থানীয় পত্রিকা থেকে সাংবাদিকতার শুরু, এরপর ২০০৮ সালে ঢাকায় পা রেখে তিনি দ্রুতই জাতীয় অঙ্গনে নিজের জায়গা তৈরি করেন। ২০০৯ সালে তিনি দৈনিক ইত্তেফাক-এ যোগ দেন এবং সেখানে একটানা প্রায় এক দশক কর্মরত ছিলেন। ২০১৮ সালের পর তিনি নিজের স্বপ্নের পত্রিকা দৈনিক সময়ের কাগজ প্রকাশ করেন—যা আজ পাঠকপ্রিয় একটি নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে পরিণত হয়েছে। তাঁর ক্ষুরধার লেখনী, সাহসী প্রতিবেদন এবং সমাজবোধপূর্ণ সম্পাদকীয় অনেক সময়ই ক্ষমতাসীন ও স্বৈরাচারী অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছে।
ব্যক্তিগত জীবন:
লেখালেখি, পাঠাভ্যাস এবং ভ্রমণ—এই তিনটিই তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ। স্ত্রী ও একমাত্র কন্যা ইলিদাকে নিয়ে বর্তমানে তিনি ঢাকায় বসবাস করছেন। তাঁর কন্যা ইলিদা লেখাপড়া করছেন।।
আলোর পথে অগ্রযাত্রা:
আবু বকর সিদ্দীক শুধু একজন সম্পাদক বা সাংবাদিকই নন, তিনি এক সংগ্রামী মনের মানুষ, যিনি সত্য প্রকাশের সাহস রাখেন। কুষ্টিয়া থেকে ঢাকায় এসে তিনি যেমন নিজের অবস্থান তৈরি করেছেন, তেমনি তরুণ সাংবাদিকদের জন্যও হয়ে উঠেছেন এক অনুপ্রেরণার প্রতীক। জাতীয় গণমাধ্যমে তাঁর নীরব অথচ শক্তিশালী পদচারণা প্রমাণ করে—সত্য ও সততার শক্তি কখনো পরাজিত হয় না।
দৈনিক সময়ের কাগজ পরিবারের অভিভাবক আবু বকর সিদ্দীককে আজাদীর কন্ঠ পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও অভিনন্দন। তাঁর নির্ভীক কলম, ন্যায়ের প্রতি দায়বদ্ধতা ও মানবিক চিন্তা বাংলাদেশের সাংবাদিকতায় এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।