কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বেড়বাড়াদী এলাকায় রাজনৈতিক শত্রুতার জেরে আগুন দিয়ে প্রায় ৩ বিঘা পানের বরজ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন পানচাষী আরিফুল, মজনু, নুর হক ও শহীদ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার দুপুরের দিকে কৃষকরা খাবারের জন্য বাড়িতে গেলে সুযোগ বুঝে কে বা কারা পরিকল্পিতভাবে বরজে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো বরজ ভস্মীভূত হয়। পরে স্থানীয়রা ধোঁয়া দেখতে পেয়ে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও শেষ রক্ষা হয়নি। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। পানের বরজ সম্পূর্ণ পুড়ে যাওয়ায় তারা এখন দিশেহারা হয়ে পড়েছেন।
খবর পেয়ে মুফতি আমির হামজা ঘটনাস্থলের বিষয়টি খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত বরজ মালিকদের সঙ্গে কথা বলেন। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, কৃষকের ঘাম ঝরানো ফসলের ওপর এমন নাশকতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং ভবিষ্যতে কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
ক্ষতিগ্রস্ত পানচাষীরা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা জানান, দীর্ঘদিনের শ্রম ও বিনিয়োগে গড়ে তোলা বরজ মুহূর্তেই ছাই হয়ে গেছে, যা তাদের জন্য অপূরণীয় ক্ষতি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযোগ গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মতে, কৃষকের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় প্রশাসনের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের নাশকতামূলক ঘটনা আর না ঘটে।