মোঃ সম্রাট ইসলাম।।
আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৫ নভেম্বর সকাল থেকে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের পাশে মজমপুরে সেতু কার্যালয়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)-এর সহায়তায় সেতু সংগঠনের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল কাদের।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মুরাদ হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইসিটি ম্যানেজার সঞ্জয় কুমার বিশ্বাস।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারী-পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। নারী নির্যাতন রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। ছোট ছোট সোনামণিদের বাল্যবিয়ে যেন না হয়, সে বিষয়ে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল শ্রেণির মানুষকে সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, বাল্যবিবাহের কারণেই নারীরা নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছে, যা সমাজের অগ্রযাত্রায় বড় বাধা সৃষ্টি করছে।
অনুষ্ঠানে সেতু এনজিওর নির্বাহী পরিচালক জানান, কুষ্টিয়ার ছয়টি ইউনিয়নে গ্রামীণ নারীদের দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠান শেষে চারজন পুরুষ ও আটজন নারীকে সম্মাননা প্রদান করা হয়।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সেতুর প্রশাসনিক কর্মকর্তা মো. মিজানুর রহমান।