পবিত্র মাহে রমজান উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সকল ধর্মপ্রাণ মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও রমজান মোবারকবাদ জানিয়েছেন বিএনপি নেতা রাকিব তুহিন। তিনি দৌলতপুর আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার আস্থাভাজন হিসেবে পরিচিত।
রমজান উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বাণীতে রাকিব তুহিন বলেন, পবিত্র রমজান মাস রহমত, বরকত ও নাজাতের মাস। এ মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের কাছে করুণা প্রার্থনা করলে আল্লাহ তায়ালা সন্তুষ্টচিত্তে তা কবুল করেন। একজন প্রকৃত মুমিন ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের আশায় সারাদিন সংযম পালন করেন। রমজান মানুষের গুনাহ মাফের মাধ্যমে আত্মিক ও আধ্যাত্মিক পরিশুদ্ধতার এক অনন্য সুযোগ এনে দেয়।
তিনি আরও বলেন, রোজার মূল উদ্দেশ্য হলো পাপ থেকে বিরত থাকা এবং ঈমান ও তাকওয়া অর্জন করা। তাই রমজান মাসের তাৎপর্য বহুমাত্রিক ও সর্বজনীন। এ মাসে সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা, মাদকসেবন ও মাদক ব্যবসা থেকে বিরত থাকা এবং সমাজ থেকে মাদক নির্মূলে সচেতন ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন রাকিব তুহিন। তিনি বলেন, মাদকসেবী ও ব্যবসায়ীদের প্রথমে সচেতন করতে হবে; প্রয়োজনে আইন-শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।
এছাড়া ঘুষ, সুদ, দুর্নীতি, দখলদারিত্ব, সন্ত্রাস, চাঁদাবাজি ও প্রতারণার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। অনাচার, হিংসা, বিদ্বেষ ও হানাহানি পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সকলের প্রতি আহ্বান জানান রাকিব তুহিন।
বাণীর শেষে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, “আমরা যেন প্রতি নামাজ শেষে দেশ ও জাতির জন্য দোয়া করি—দেশ দুঃশাসনমুক্ত হোক, গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হোক।”
মহান আল্লাহ তায়ালা ন্যায়নীতি, নৈতিকতা, মূল্যবোধ ও সততার পথে চলা সকলকে সহায় হোন এবং রমজানের বরকতে সকল জুলুম ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করুন—এই কামনা করেন তিনি।